কুবি শিক্ষকের সন্তান হত্যায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
বি এম ফয়সাল, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের সন্তান অপ্রতিমের নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে অপ্রতিমের জানাজা শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কোটবাড়ি বিশ্বরোড এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করে।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থী সাদিকুর রহমান বলেন, “কুমিল্লায় প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। আমরা অপ্রতিম হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
মহাসড়ক অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
এআইএল/সকালবেলা