ভোলায় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর মোজাম্মেলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বা কোস্ট গার্ড।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে চর মোজাম্মেলে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—চর মোজাম্মেলের বাসিন্দা আলমগীর, আব্বাস মাঝি ও আলমগীর মাঝি। কোস্ট গার্ডের দাবি, তারা দীর্ঘদিন ধরে চরাঞ্চলে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, চর মোজাম্মেলে একদল ডাকাত অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে সন্দেহভাজনদের আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুটি খালি খোসা, চারটি দেশীয় ধারালো অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা