জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ণ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন দেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। বিশ্বমঞ্চে সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুলে দুই ঘণ্টা ৩৫ মিনিটের যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেবে এবং নিউইয়র্ক সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে অবস্থানকালীন হোটেল 'হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক'-এ নিয়ে যাওয়া হবে।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, আগামী ২২ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে জাতিসংঘের মূল আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী। তিনি অধিবেশনের উদ্বোধনী পর্বের পাশাপাশি সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন।

এছাড়া ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সফরকালে জলবায়ু ঝুঁকি, বৈশ্বিক বৈষম্য এবং রোহিঙ্গা সংকট নিরসনে উচ্চপর্যায়ের বিশেষ সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন তিনি। পাশাপাশি জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংক প্রেসিডেন্টসহ একাধিক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং 'ওয়াল স্ট্রিট' ও 'মেটা'র শীর্ষ বাণিজ্যিক প্রতিনিধিদের সাথে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। আগামী ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।

মন্তব্য করুন