এমপি গাজী নজরুলের বিষয়ে সংসদের চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা: ইসি সচিব

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ণ
এমপি গাজী নজরুলের বিষয়ে সংসদের চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের সদস্যপদ সংক্রান্ত বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পেলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব এ তথ্য প্রকাশ করেন।

তিনি স্পষ্ট করে জানান, উক্ত এমপির বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতোমধ্যে সিদ্ধান্ত জানিয়ে চিঠি দিলেও আইনগত বাধ্যবাধকতার কারণে সংসদ থেকে আনুষ্ঠানিক বার্তা না আসা পর্যন্ত কমিশনের কোনো পদক্ষেপ নেওয়ার এখতিয়ার নেই। তিনি বলেন, "জামায়াতে ইসলামী চিঠি দিলেও আইন অনুসারে জাতীয় সংসদ থেকে চিঠি না আসলে আমাদের কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।"

উল্লেখ্য, সম্প্রতি ওই সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে নৈতিক স্খলনের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করেছিল জামায়াতে ইসলামী। পরবর্তীতে দলটি তাঁর সংসদ সদস্য পদ বাতিলের অনুরোধ জানিয়ে সংসদ স্পিকার ও নির্বাচন কমিশন বরাবর চিঠি পাঠায়।

মন্তব্য করুন