সমাজসেবা অধিদপ্তরে ১৪৮৫ পদে নিয়োগে আবেদন ২১ লাখ
অনলাইন ডেস্ক: বেসরকারি খাতের কর্মসংস্থানে স্থবিরতা এবং নিরাপত্তার কারণে দেশে সরকারি চাকরির প্রতি চাকরিপ্রার্থীদের ঝোঁক এখন আকাশচুম্বী। সমাজসেবা অধিদপ্তরের মাত্র ১ হাজার ৪৮৫টি শূন্য পদের বিপরীতে রেকর্ড ২১ লাখ ২৩ হাজার প্রার্থী আবেদন করেছেন।
প্রতিটি শূন্য পদের বিপরীতে গড়ে পরীক্ষা দেবেন ১ হাজার ৪৩০ জন প্রার্থী। বিপুলসংখ্যক এই আবেদন সামাল দেওয়া এবং স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা আয়োজন করা নিয়ে এখন বড় ধরনের লজিস্টিক ও আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়েছে অধিদপ্তর কর্তৃপক্ষ।
গত মে মাসে ১৩ থেকে ২০তম গ্রেডের ৫২টি ক্যাটাগরিতে স্থায়ী ও অস্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সমাজসেবা অধিদপ্তর। গত ২ জুন থেকে ২৩ জুন পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই নিয়োগে আবেদনকারীর সংখ্যা সাম্প্রতিক যেকোনো বিসিএস ক্যাডারের আবেদন সংখ্যাকে ছাড়িয়ে গেছে। এমনকি ২০২৬ সালের ১৮ লাখ ৫৭ হাজার এসএসসি পরীক্ষার্থীর মোট সংখ্যার চেয়েও এই আবেদনকারীর সংখ্যা বেশি। মোট পদগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৪৭৮টি অফিস সহকারী পদ এবং ৩১২টি ইউনিয়ন পর্যায়ের সমাজকর্মী পদ রয়েছে।
এত বিশালসংখ্যক প্রার্থীর লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়ার উপযুক্ত কেন্দ্র নির্ধারণ, প্রশ্নপত্র গোপন রাখা এবং পরিদর্শক নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় গত তিন মাসেও পরীক্ষার তারিখ ঘোষণা করা সম্ভব হয়নি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউসুফ এবং অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব জানিয়েছেন, দ্রুত ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও অনুমতি চাওয়া হয়েছে।
অর্থনীতিবিদদের মতে, বেসরকারি খাতে বিনিয়োগ ও ঋণের প্রবৃদ্ধি কমে যাওয়া এবং নতুন কর্মসংস্থান তৈরি না হওয়ায় তরুণরা ঝুঁকছেন সরকারি চাকরির দিকে।