হরমুজ প্রণালি নিয়ে অবস্থান আরও কঠোর করল ইরান

হরমুজ প্রণালি নিয়ে অবস্থান আরও কঠোর করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদে চলমান শান্তি আলোচনায় হরমুজ প্রণালি নিয়ে নিজেদের অবস্থান আরও কঠোর করল ইরান। দেশটির ইসফাহান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহসেন ফারখানি জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নিয়ন্ত্রণ ইরানের জন্য একটি ‘রেড লাইন’ বা অলঙ্ঘনীয় সীমা এবং এ বিষয়ে কোনো নমনীয়তা দেখানো হবে না।

মোহসেন ফারখানি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা রেখে এই আলোচনায় বসেনি। বরং মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রতি সম্মান রেখে ও ‘গভীর সংশয়’ নিয়েই তারা এই টেবিলে এসেছে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ফারখানি বলেন, ‘এই প্রণালিতে টহল দেওয়া বা এটি নিয়ন্ত্রণে সহযোগিতা চাওয়া আমেরিকার কাজ নয়।’ তিনি আরও দাবি করেন, ইরান এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও স্থাপনাগুলো ধ্বংস করার মাধ্যমেই বুঝিয়ে দিয়েছে যে তেহরান এখানে কোনো হস্তক্ষেপ বরদাশত করবে না।

ফারখানি জানান, ইরান এমনি এমনি আলোচনায় বসেনি। যুক্তরাষ্ট্র ইরানের দশটি শর্ত মেনে নেওয়ার পরেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এটি সম্ভব হয়েছে কেবল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাস্তবসম্মত ও ধাপে ধাপে প্রতিশ্রুতি দেওয়ার শর্তে। ইরানি প্রতিনিধিদলের মধ্যে কোনো অভ্যন্তরীণ বিভেদ বা দলীয় কোন্দল আছে কি না—এমন প্রশ্নের জবাবে ফারখানি বলেন, আজকের বিষয়টি ‘কঠোরপন্থি’ হওয়া বা না হওয়ার নয়। এটি সম্পূর্ণ ইরানের জাতীয় স্বার্থের বিষয়। যে স্বার্থ রক্ষা করতে শত শত সামরিক কর্মী জীবন উৎসর্গ করেছেন, তা নিয়ে কোনো আপস করা হবে না। খবর, আল জাজিরা।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন