সরকারি নির্দেশনা মানছেন না মোংলার ব্যবসায়ীরা

সরকারি নির্দেশনা মানছেন না মোংলার ব্যবসায়ীরা

রিপন হালদার, মোংলা: মোংলা পৌর এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখছেন অনেক ব্যবসায়ী। পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে বারবার সর্তক করা হলেও বাজারের প্রধান ব্যবসায়ীদের একটি বড় অংশের মধ্যে এই নিয়ম পালনে চরম গাফিলতি লক্ষ্য করা গেছে।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টার পর মোংলার প্রধান বাজার এলাকা ঘুরে দেখা যায়, সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে। বাজারে বিপুল সংখ্যক ক্রেতার উপস্থিতিও চোখে পড়ার মতো। অবাক করার বিষয় হলো, জরুরি সেবার বাইরে যেসব দোকান বন্ধ রাখার সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে, তার অনেকগুলোও এ সময় খোলা অবস্থায় পাওয়া যায়।

তবে ভিন্ন চিত্রও দেখা গেছে কিছু ক্ষেত্রে। অনেক ব্যবসায়ী সরকারি নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই দোকান বন্ধ করেছেন। কেউ কেউ আবার নির্দিষ্ট সময়ের আগেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ঘরে ফিরেছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, বৈশ্বিক এই মহাবিপর্যয় মোকাবিলায় সরকারি নির্দেশনা মেনে চলার কোনো বিকল্প নেই। প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান না থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন