বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, প্রতিবাদে ভারতীয় নাগরিক আটক

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, প্রতিবাদে ভারতীয় নাগরিক আটক

মানজুরুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা এক ভারতীয় নাগরিককে গরুসহ আটক করায় সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে পাটগ্রাম উপজেলার ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ ধবলসুতি বিওপি সংলগ্ন ৮২৬/১-এস সীমান্ত পিলারের কাছে এই ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মোঃ মিজানুর রহমান (২৮)। তিনি উপজেলার রহমতপুর গাটিয়ার ভিটা গ্রামের মোঃ মফিজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান সীমান্তের গাটিয়ার ভিটা এলাকায় ঘাস কাটতে গেলে ভারতীয় ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি তার কাঁধে বিদ্ধ হয়। আহত অবস্থায় তিনি বাংলাদেশের অভ্যন্তরে দৌড়ে চলে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বিএসএফের এই গুলিবর্ষণের ঘটনার পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উত্তেজিত জনতা সীমান্ত এলাকা থেকে শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করে বিজিবির কাছে সোপর্দ করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, "আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আটক ভারতীয় নাগরিক বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন।"

সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন