পলাশে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

পলাশে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

মো. নুরনবী সানি, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলায় পারিবারিক কলহের জেরে শুভ চক্রবর্তী (১৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান গ্রাম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহিত শুভ চক্রবর্তী রাবান গ্রামের সুজন চক্রবর্তীর ছেলে। তিনি ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের একটি প্লাস্টিক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়াশাল পৌর এলাকার চামড়াবো গ্রামের স্বর্ণা চক্রবর্তীর সঙ্গে প্রেম করে বিয়ে করেন শুভ। তাদের সংসারে দ্রুব চক্রবর্তী নামে আট মাস বয়সী এক পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কথা কাটাকাটি ও কলহ লেগে থাকত।

স্বজনরা জানান, গত রোববার বিকেলে স্ত্রী স্বর্ণা চক্রবর্তী শিশু সন্তানকে নিয়ে স্বামীর সাথে অভিমান করে বাবার বাড়ি চলে যান। ধারণা করা হচ্ছে, রোববার রাতের কোনো এক সময় শুভ চক্রবর্তী নিজ ঘরের দরজা বন্ধ করে আড়ার (বিমের) সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সোমবার সকাল ৯টার দিকে স্বর্ণা চক্রবর্তী বাপের বাড়ি থেকে সন্তানের জন্য দুধ নিতে স্বামীর বাড়িতে ফিরে আসেন। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে শুভর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। দুপুর দেড়টার দিকে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন: “খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

অল্প বয়সে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন