ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
প্রতিবেদক, কুড়িগ্রাম: নিজস্ব ঢঙে এলাকার সমস্যা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া কুড়িগ্রামের তাইজুল ইসলাম তাজু-র ফেসবুক পেজটি হঠাৎ করেই উধাও হয়ে গেছে।
রোববার (৫ এপ্রিল ২০২৬) দুপুরের পর থেকে এক মিলিয়নের (১০ লাখ) বেশি ফলোয়ার থাকা তার ‘তাজু ভাই ২.০’ পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
তাইজুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী শাহ আলম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ করেই পেজটি অদৃশ্য হয়ে গেছে। এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি বা অন্য কোনো কারণে হতে পারে। তবে তারা আশা করছেন দ্রুতই পেজটি ফিরে আসবে।
স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম মনে করেন, "অল্প সময়ে পেজটিতে বিপুল পরিমাণ ফলোয়ার ও ভিউ বৃদ্ধি পাওয়ায় মেটা (ফেসবুক) কর্তৃপক্ষ হয়তো যাচাই-বাছাইয়ের জন্য সাময়িকভাবে পেজটি স্থগিত বা অদৃশ্য করে রেখেছে।"
গত ২৮ মার্চ পর্যন্ত তাইজুল ইসলামের পেজে ফলোয়ার সংখ্যা ছিল ১০ হাজারের নিচে। কিন্তু ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কুড়িগ্রামের চরনারায়ণপুরের একটি স্থানীয় বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করার পর রাতারাতি ভাইরাল হন তিনি।
তার কথা বলার ধরণ এবং উপস্থাপনার ভঙ্গি শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের সৃষ্টি করলেও পরবর্তীতে তা ইতিবাচক আলোচনায় রূপ নেয়। একজন দিনমজুর হয়েও প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের নানা সমস্যা ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলায় তিনি সাধারণ মানুষের প্রশংসা কুড়ান। মাত্র কয়েক দিনেই তার ফলোয়ার সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে যায়।
পেজটি উধাও হওয়ার পর থেকে তাইজুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভক্ত ও অনুসারীরা প্রিয় এই কনটেন্ট ক্রিয়েটরের পেজটি ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ