বগুড়া-৬ উপনির্বাচন: নিরাপত্তায় মোতায়েন ৮ প্লাটুন বিজিবি

বগুড়া-৬ উপনির্বাচন: নিরাপত্তায় মোতায়েন ৮ প্লাটুন বিজিবি

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গত ২ এপ্রিল থেকে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন এবং আগামী ১১ এপ্রিল পর্যন্ত নির্বাচনী এলাকায় অবস্থান করবেন।

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) থেকে বিজিবি সদস্যরা সক্রিয়ভাবে টহল ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেছেন। বগুড়া সদর উপজেলার তিনটি বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। বিজিবি সদস্যরা ভোটগ্রহণের আগে, ভোটের দিন এবং পরবর্তী সময়—এই তিন পর্যায়েই স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন।

রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

আগামী ৯ এপ্রিল ২০২৬ বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৭:৩০ মিনিট থেকে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ: ১. রেজাউল করিম বাদশা: জেলা বিএনপির সভাপতি (ধানের শীষ)। ২. আবিদুর রহমান সোহেল: জামায়াতে ইসলামীর শহর শাখার আমির (দাঁড়িপাল্লা)। ৩. আল আমিন তালুকদার: বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (ফুলকপি)।

বগুড়া-৬ আসনে এবার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন।

  • পুরুষ ভোটার: ২ লাখ ২২ হাজার ৭৯৯ জন।

  • নারী ভোটার: ২ লাখ ৩১ হাজার ২৩৪ জন।

  • তৃতীয় লিঙ্গের ভোটার: ১০ জন।

  • মোট ভোটকেন্দ্র: ১৫০টি।

নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন