পুলিশ সংস্কার রাতারাতি নয়, কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে স্বাধীন পুলিশ কমিশন, গুম প্রতিরোধ ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা

পুলিশ সংস্কার রাতারাতি নয়, কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার পুলিশ সংস্কারের কাজ করছে। তবে এই সংস্কার রাতারাতি সম্ভব নয়, বরং ধারাবাহিক ও পর্যায়ক্রমিক উন্নয়নের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে। এ সময় পুলিশের পুনর্গঠন, সক্ষমতা বৃদ্ধি এবং সংস্কারে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) প্রয়োজনীয় সহযোগিতা করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বেইলি রোডে স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। বৈঠকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, পুলিশ সংস্কার, স্বাধীন পুলিশ কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশ এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শুরুতে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার নতুন দায়িত্ব গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান এবং পুলিশ সংস্কারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি উল্লেখ করেন, জাতীয় মানবাধিকার কমিশন গঠনে ইউএনডিপি গত ১৫ থেকে ১৭ বছর ধরে নিবিড়ভাবে কাজ করছে। কমিশনের অধ্যাদেশের খসড়া প্রণয়নেও আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলনগুলো অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সংস্থাটি সহযোগিতা করেছে।

এর প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের সঙ্গে স্বাধীন পুলিশ কমিশন গঠনের নিবিড় সম্পর্ক রয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এ সংক্রান্ত অধ্যাদেশ সংসদে বিল আকারে পেশ করা হবে। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ সম্পর্কেও তিনি একই কথা জানান। মন্ত্রী উল্লেখ করেন, অধ্যাদেশের দু-একটি সংজ্ঞা এমনভাবে দেওয়া হয়েছে, যাতে গুমের প্রকৃত নির্দেশদাতাকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। আলোচনা চলাকালে তিনি নিজের গুমকালীন ভয়ংকর অভিজ্ঞতাও প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন।

অন্যদিকে, রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) তদন্তের ক্ষমতা দেওয়ার বিষয়ে মন্ত্রী স্পষ্ট করেন যে, এপিবিএন কোনো তদন্তকারী সংস্থা নয়, তাই তারা তদন্ত করতে পারে না। তবে রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়ে তিনি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার যুগ্মসচিব রেবেকা খান, ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ সোনালী দয়ারত্নে, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ আনোয়ারুল হক এবং রুল অব ল’, জাস্টিস অ্যান্ড সিকিউরিটি বিষয়ক অ্যাডভাইজর রোমানা শোয়াইগার উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন