মোরেলগঞ্জে মাছের ঘের দখলের অভিযোগ, জমির মালিকদের মানববন্ধন

মোরেলগঞ্জে মাছের ঘের দখলের অভিযোগ, জমির মালিকদের মানববন্ধন

মো. আমিনুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট): বাগেরহাটের মোরেলগঞ্জে পেশীশক্তির বলে ৮৫ বিঘার একটি মৎস্য ঘের দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় জমির মালিকেরা। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১২টার দিকে বহরবুনিয়া গ্রামে বিবাদমান ওই ঘেরের ভেড়িতে এই কর্মসূচি পালিত হয়।

জমির মালিকদের পক্ষে এমদাদুল ইসলাম ইমু অভিযোগ করেন, বিগত সরকারের আমলে প্রভাবশালী একটি মহল ও বহিরাগতরা জোরপূর্বক এই ঘেরটি দখল করে রেখেছিল। তারা জমির মালিকদের হাড়ির (লীজ) টাকা তো দূরের কথা, আমন ধানও চাষ করতে দেয়নি। বর্তমানে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে নতুন করে দলের নাম ভাঙিয়ে আল আজিম ও আলমগীর শিকদারসহ একটি চক্র ঘেরটি পুনরায় দখলের পায়তারা করছে।

‘জমি যার ঘের তার’—এই ব্যানার নিয়ে মানববন্ধনে মালিকেরা দাবি করেন, তারা সরকারি নির্দেশনা অনুযায়ী নিজেদের জমিতে নিজেরাই ঘের পরিচালনা করতে চান। বহিরাগত দখলদারদের উচ্ছেদে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও থানা ওসি বরাবর ৮ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলম খান, মিজানুর রহমান, তৌহিদুল ইসলাম টুটুল ও হুমায়ুন কবির।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন