রাজশাহী মহানগরীকে নতুন করে সাজাতে চাই: রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীকে নতুন করে সাজাতে চাই: রাসিক প্রশাসক

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, "রাজশাহী সুন্দর, একে আরও সুন্দর করে গড়ে তুলতে হবে। সরকারের নির্দেশনা ও আইন অনুযায়ী সকলের ঐকান্তিক সহযোগিতায় আমি এই মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই।"

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে রাসিকের প্রকৌশল বিভাগ আয়োজিত চলমান উন্নয়ন কাজ অবহিতকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন তাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "প্রধানমন্ত্রী রাজশাহীকে বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং নগরবাসীর সেবায় কাজ করার নির্দেশনা দিয়েছেন। আমি মহানগরবাসীর জন্য দৃশ্যমান কিছু করতে চাই।"

রাসিক প্রশাসক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, "রাজশাহী সিটি কর্পোরেশন একটি নাগরিক সেবার প্রতিষ্ঠান। আমরা জনগণের নিকট দায়বদ্ধ। তাই দলমত নির্বিশেষে নাগরিক সেবা নিশ্চিত করতে সবাইকে পবিত্রতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কাজের মাধ্যমেই আমাদের প্রতিষ্ঠানের সুনাম অর্জন করতে হবে।"

সভায় নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রশাসক বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন:

  • ওয়ার্ডভিত্তিক উন্নয়ন: নগরীর ৩০টি ওয়ার্ডেই রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ ত্বরান্বিত করা হবে।

  • সময়সীমা নির্ধারণ: আগামী ৯০ দিনের কাজের স্কিমসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

  • গুণগত মান: চলমান উন্নয়ন কাজের গতি বৃদ্ধির পাশাপাশি কাজের গুণগত মান বজায় রাখার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় চলমান উন্নয়ন প্রকল্পের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ

সভায় আরও উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামানসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন