পুলিশ সদস্যকে গাড়িচাপা দেওয়ার অভিযোগে সংসদ সদস্য প্রার্থী আটক

পুলিশ সদস্যকে গাড়িচাপা দেওয়ার অভিযোগে সংসদ সদস্য প্রার্থী আটক

জামালপুর প্রতিনিধি: জামালপুরে জেলা জজ আদালতের এক পুলিশ সদস্যকে গাড়িচাপা দেওয়ার অভিযোগে জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) জেলা শাখার সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট বাবর আলীকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) দুপুরে আহত পুলিশ সদস্যের মায়ের দায়ের করা সড়ক পরিবহন আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়।

আটক অ্যাডভোকেট বাবর আলী জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) জামালপুর জেলা শাখার সভাপতি। তিনি সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ একাধিক সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসন থেকে ‘সাইকেল’ প্রতীকে জেপি’র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জজ আদালতে দায়িত্ব পালন শেষে বার সমিতি ভবনের পেছনের রাস্তা দিয়ে মেইন রোডের দিকে যাচ্ছিলেন পুলিশ কনস্টেবল মাহবুবুর রহমান। এ সময় অ্যাডভোকেট বাবর আলী নিজের প্রাইভেটকার চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে তাকে সজোরে চাপা দেন। এতে মাহবুবুর রহমান পা, বুক ও মাথায় মারাত্মক আঘাত পান।

গুরুতর আহত অবস্থায় কনস্টেবল মাহবুবুর রহমানকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর বুধবার রাত ৮টার দিকে জামালপুর জেনারেল হাসপাতাল এলাকা থেকে অভিযুক্ত বাবর আলীকে আটক করে পুলিশ। জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত পুলিশ সদস্যের মায়ের করা মামলায় তাকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন