বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের মূলবাড়ী গ্রাম সংলগ্ন নদী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মূলবাড়ী এলাকায় নদীর তীরে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় এক কৃষক উৎস খুঁজতে গিয়ে লাশটি দেখতে পান। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানালে মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

উদ্ধারকৃত লাশটি অনেকটা পচে অর্ধগলিত অবস্থায় ছিল। লাশের শরীরের গঠন এবং পরনের কাপড় দেখে প্রাথমিকভাবে এটি কোনো নারীর লাশ বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে দীর্ঘদিন পানিতে থাকায় এবং পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, "নদী থেকে এক অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।"

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন