চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মসজিদের ইমামের মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মসজিদের ইমামের মৃত্যু

নাজিয়াত হোসেন, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে রমজান আলী (৭০) নামে এক বৃদ্ধ ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে মোমিনপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান আলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মৃত মুরাদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ট্রেনটি মোমিনপুর এলাকা অতিক্রম করার সময় রমজান আলী অসাবধানতাবশত রেললাইনের ওপর পড়ে যান। এতে ট্রেনের নিচে কাটা পড়ে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু দৈনিক সকালবেলাকে জানান, “পরিবারের সদস্যদের দেওয়া তথ্যমতে, রমজান আলী কৃষিকাজের উদ্দেশ্যে রেললাইন দিয়ে নিজের জমিতে যাচ্ছিলেন। অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে এই দুর্ঘটনা ঘটে।”

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বৃদ্ধ ইমামের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন