টেকনাফে রোহিঙ্গাদের মানববন্ধন: খাদ্য সহায়তা অব্যাহত রাখার দাবি

টেকনাফে রোহিঙ্গাদের মানববন্ধন: খাদ্য সহায়তা অব্যাহত রাখার দাবি

জিয়াবুল হক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সহায়তার ন্যায্য বণ্টন নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন কয়েক শত রোহিঙ্গা নারী-পুরুষ। 

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) দুপুর ১টায় ক্যাম্পের ভেতরে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) প্রস্তাবিত নতুন খাদ্য বিতরণ পদ্ধতিতে আপত্তি জানান। তারা গত তিন দশক ধরে চলে আসা ত্রাণ সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার দাবি তোলেন।

রোহিঙ্গা প্রতিনিধি মো. ফাইসাল জানান, "আমরা ১৯৯১-৯২ সাল থেকে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত নিয়মিত খাদ্য সহায়তা পেয়ে আসছি। এই সহায়তাই আমাদের বেঁচে থাকার প্রধান ভরসা। নতুন কোনো পদ্ধতির মাধ্যমে এই সহায়তায় বিঘ্ন ঘটলে আমাদের জীবন সংকটে পড়বে।"

কর্মসূচিতে অংশ নিয়ে মৌলভী আনসার উল্লাহ বলেন, "নতুন পদ্ধতিতে সমঅধিকার ও ন্যায্য বণ্টন নিশ্চিত না হলে তা হবে মানবাধিকার পরিপন্থী। আমরা খাদ্যের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য মেনে নেব না। আগের মতো সমান ও ন্যায্য বণ্টন চাই।"

টেকনাফ ২৪, ২৬ ও ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, "রোহিঙ্গাদের বিভিন্ন দাবি-দাওয়া এবং মানববন্ধনের বিষয়টি আমরা অবগত আছি। তাদের অভাব-অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।"

মানববন্ধন শেষে রোহিঙ্গারা সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা ও কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, যাতে খাদ্য সহায়তা কার্যক্রমে কোনো অস্থিরতা বা বৈষম্য তৈরি না হয়।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন