জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির লোকজনের হামলায় বাবার মৃত্যু: আটক ৬

জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির লোকজনের হামলায় বাবার মৃত্যু: আটক ৬

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর: জামালপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরের শিকার হয়ে আব্দুল হাকিম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) দুপুরে এই ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঝাওলা গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম ওই এলাকার বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, প্রায় ৫ বছর আগে পার্শ্ববর্তী নরুন্দি কচুনধরা এলাকার কাদিউর রহমানের মেয়ে কামনুর নাহারের সাথে আব্দুল হাকিমের ছেলে শামীমের বিয়ে হয়। সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় পারিবারিক কলহ মেটাতে বুধবার রাতে শামীমের বাড়িতে এক সালিসি বৈঠক বসে।

বৈঠক চলাকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কনে পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে আব্দুল হাকিমকে মাটিতে ফেলে এলোপাথাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হলে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, “পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে আব্দুল হাকিম আহত হন। হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে।”

পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন