ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জেলা প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুর পৌর এলাকার নতুন মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলায় আলমগীর হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী (৫৪) নামে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ ) সকাল সাড়ে ৭টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
নিহত আলমগীর হাওলাদার নতুন মাদারীপুর এলাকার হাফেজ হাওলাদারের ছেলে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আলমগীর হাওলাদার বের হলে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তাঁর ডান হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
হামলায় লাভলু হাওলাদার, আলামিন চকিদার, জাচ্চু হাওলাদার, হানিফ চকিদার, আরিফ চকিদার, পলাশ হাওলাদার, সোহেল হাওলাদার, হান্নান ঢালি, কামরুল হাওলাদার, স্বনীল হাওলাদার, শাহ আলম চকিদার, মাসুদ বেপারী, চান মিয়া মুন্সি, রনী মুন্সি, সাজন মুন্সি, জাকির হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জন অংশ নেয় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলমগীরকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন:
"এ ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ