দিনাজপুরে বিজিবির অভিযানে ১৯১ বোতল ফেনসিডিল উদ্ধার

দিনাজপুরে বিজিবির অভিযানে ১৯১ বোতল ফেনসিডিল উদ্ধার

তাজুল ইসলাম, দিনাজপুর: দিনাজপুরের বিরল সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৯১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (১০ মার্চ ) ভোরে বিরল উপজেলার রামচন্দ্রপুর বিওপি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ৪টার দিকে বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপি'র একটি টহল দল বিশেষ অভিযান শুরু করে। সীমান্ত পিলার ৩২৭/২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈরাগীপাড়া নামক স্থানে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১৯১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজিবির দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৭৬ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সচেষ্ট। মাদকমুক্ত সমাজ গড়তে ভবিষ্যতেও বিজিবির এই কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন