ভাতার কার্ড করে দেওয়ার নামে ঘুষের অভিযোগ এলেঙ্গা পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে

ভাতার কার্ড করে দেওয়ার নামে ঘুষের অভিযোগ এলেঙ্গা পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে

সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার হিসাবরক্ষক গোলাম মোস্তফার বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতার কার্ড করে দেওয়ার নামে হতদরিদ্র পরিবারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। 

ভুক্তভোগী পরিবারের দাবি, ভাতার কার্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে তিন হাজার টাকা হাতিয়ে নিয়েছেন ওই কর্মকর্তা।

জানা গেছে, এলেঙ্গা পৌরসভার মিরপুর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী ঝিলি আক্তার মাতৃত্বকালীন ভাতার জন্য অনলাইনে আবেদন করেন। অভিযোগ রয়েছে, আবেদনের সময় প্রাথমিক খরচ হিসেবে হিসাবরক্ষক গোলাম মোস্তফা দুই শ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে ভাতার কার্ড নিশ্চিত করার কথা বলে তিনি ঝিলি আক্তারের কাছে মোট ১০ হাজার টাকা দাবি করেন। নিরুপায় হয়ে ঝিলি আক্তার ৩ হাজার টাকা প্রদান করেন এবং বাকি টাকা কার্ড পাওয়ার পর দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কার্ড না পাওয়ায় এবং হিসাবরক্ষক তালবাহানা শুরু করায় বিষয়টি জানাজানি হয়।

ভুক্তভোগী ঝিলি আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, "গোলাম মোস্তফা আমাকে ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা চেয়েছিলেন। আমি তাকে বিশ্বাস করে ৩ হাজার টাকা দিয়েছি। এখন কার্ডও দিচ্ছে না, টাকাও ফেরত দিচ্ছে না। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।" তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হিসাবরক্ষক গোলাম মোস্তফা টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, "আমি কারও কাছ থেকে কোনো টাকা নিইনি। আপনারা অফিসে আসেন, সাক্ষাতে কথা বলব।"

এ বিষয়ে এলেঙ্গা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি ভুক্তভোগীকে অফিসে আসার পরামর্শ দিয়ে বলেন, সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন