ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন টুর্নামেন্টে ইরানের অংশগ্রহণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। সম্প্রতি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান এবং দুই দেশের মধ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্পের এই বক্তব্য বিশ্ব ক্রীড়াঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ‘পলিটিকো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল—চলমান যুদ্ধাবস্থায় ইরান কি বিশ্বকাপে অংশ নিতে পারবে? জবাবে ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় বলেন:
“আমি মোটেও পরোয়া করি না (তারা খেলল কি না)। আমার মতে ইরান খুব বাজেভাবে পরাজিত একটি দেশ। তারা এখন ধোঁয়ায় উড়ছে (অস্তিত্ব সংকটে আছে)।”
ট্রাম্পের এই মন্তব্যের পর হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্কফোর্সের পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি এক বিবৃতিতে বলেন, মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য এখন নিরাপত্তা নিশ্চিত করা। তিনি দাবি করেন, ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুর পর (যৌথ অভিযানে) ওই অঞ্চলে অস্থিতিশীলতার প্রধান উৎস দূর হয়েছে, যা বিশ্বকাপে আগত লাখো ফুটবল ভক্তের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
ফিফা আগে থেকেই জানিয়েছিল যে তারা বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশ ও খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে দায়বদ্ধ। তবে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ বর্তমানে দলটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিকভাবে ফুটবল নিয়ে ভাবা অসম্ভব এবং এ বিষয়ে দেশের নীতি-নির্ধারকরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘জি’-তে থাকা ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলার পর ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ এখন চরম অনিশ্চয়তার মুখে। অনেক বিশ্লেষক মনে করছেন, ইরান শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে অথবা ভিসা জটিলতায় তাদের প্রবেশাধিকার সীমিত হতে পারে।
এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ