ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রবাসীদের মরদেহ দ্রুত ও সম্পূর্ণ বিনা খরচে দেশে আনার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করবে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে প্রবাসীদের মরদেহ বহনের জন্য দুটি নতুন ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধনকালে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অধীনে তিনটি অ্যাম্বুলেন্স মরদেহ পরিবহনে নিয়োজিত রয়েছে। আজ নতুন আরও দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় মোট গাড়ির সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটিতে। এর ফলে বিমানবন্দর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রবাসীদের মরদেহ দ্রুততম সময়ে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
নুরুল হক নুর আরও বলেন, “প্রবাসীরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা। তাদের সুরক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রবাসীদের মরদেহ দেশে আসার পরপরই তাৎক্ষণিক দাফন ও আনুষঙ্গিক খরচের জন্য পরিবারকে ৩০ থেকে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া যারা বিএমইটি (BMET) রেজিস্ট্রেশন সম্পন্ন করে বিদেশ গেছেন, তাদের পরিবারের জন্য ১৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার সুযোগ রয়েছে।”
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসীদের মরদেহ দেশে আনতে পরিবারগুলোকে অনেক সময় বিশাল অঙ্কের অর্থ খরচ করতে হয়। এই ভোগান্তি ও আর্থিক চাপ কমাতে এখন থেকে সম্পূর্ণ সরকারি খরচে মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগ প্রবাসীদের পরিবারকে মানসিক ও আর্থিক স্বস্তি প্রদান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ