ঢাবি শিক্ষার্থীকে পুলিশি নির্যাতন: ডিসি মাসুদের বিচার দাবি ডাকসুর

ঢাবি শিক্ষার্থীকে পুলিশি নির্যাতন: ডিসি মাসুদের বিচার দাবি ডাকসুর

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ও বামপন্থী ছাত্রনেতাকে পুলিশের মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ডাকসু এই ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত ডিসি মাসুদসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে।

ডাকসুর বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সহ-সভাপতি নাঈম উদ্দীনের ওপর কোনো তথ্য-প্রমাণ ছাড়াই ডিসি মাসুদের নির্দেশে হামলা চালানো হয়েছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। ডাকসু বলেছে, পুলিশ বাহিনীর নামে আতঙ্ক সৃষ্টি করে একজন সাধারণ নাগরিকের স্বাধীন চলাফেরার মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। বিনা কারণে একজন শিক্ষার্থীকে শারীরিকভাবে আঘাত করার ঘটনাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে ডাকসু অবিলম্বে দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। সেই সঙ্গে পুলিশ বাহিনীকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে গড়ে তুলতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও পেশাদার ও মানবিক হওয়ার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন