মুন্সীগঞ্জে নৌ-ডাকাত নয়ন-পিয়াসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জে নৌ-ডাকাত নয়ন-পিয়াসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মো. ফরহাদ মিয়া, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া গ্রামে পুলিশ ক্যাম্প করার জন্য বাড়ি ভাড়া দেওয়াকে কেন্দ্র করে শিল্প উদ্যোক্তা হাজী আব্দুল কাইয়ুম দেওয়ানের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই হামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, গুয়াগাছিয়া ইউনিয়নে অস্থায়ী পুলিশ ক্যাম্প করার জন্য তাদের বাড়ি ভাড়া নেওয়ায় গত ৬ ফেব্রুয়ারি নৌ-ডাকাত বাহিনীর নয়ন ও পিয়াসের নেতৃত্বে একদল সন্ত্রাসী আব্দুল কাইয়ুম দেওয়ানকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এই ঘটনায় গজারিয়া থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ানোয় এবং ভুক্তভোগীদের হুমকি দেওয়ায় প্রায় ৩শ’টি পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এর আগে নৌ-ডাকাত বাহিনীর ভয়ে গত ১২ ফেব্রুয়ারি তারা সেনাবাহিনীর সহযোগিতায় ভোট প্রদান করতে সক্ষম হয়েছিলেন।

ক্ষতিগ্রস্তরা আরও অভিযোগ করেন যে, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এই ডাকাত বাহিনীকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেননি। তাই তারা বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার বিনীত অনুরোধ জানান। সংবাদ সম্মেলন শেষে তারা মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধনও পালন করেন।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং আশা করা যাচ্ছে এক সপ্তাহের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হবে। তিনি আরও নিশ্চিত করেন যে বর্তমানে ওই এলাকায় নিরাপত্তাহীনতার কোনো কারণ নেই।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন