শিক্ষামন্ত্রীকে নিয়ে অভিনেতার পোস্ট, সতর্ক করলেন শিক্ষার্থীদের

শিক্ষামন্ত্রীকে নিয়ে অভিনেতার পোস্ট, সতর্ক করলেন শিক্ষার্থীদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বিজয়ী হন ড. আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর বিকেলেই তাকে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ তাকে নিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে শিক্ষার্থীদের সতর্ক করে পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।

ইরফান সাজ্জাদ বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় পাস করা ভবিষ্যতে আরও কঠিন হয়ে যাবে। “এখন টিকটক করে পড়াশোনার দিন শেষ।”

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘শিক্ষার্থীরা, যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস করে গেছো, তারা আল্লাহর ওয়াস্তে পড়তে বসো। এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই।’

অভিনেতা তার পোস্টের সঙ্গে সম্প্রতি দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী মিলনের একটি ছবি জুড়ে দিয়েছেন এবং নিজের এসএসসি পাস করার অভিজ্ঞতা ভাগ করেছেন। তিনি লিখেছেন, ‘আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।’

উল্লেখ্য, এহসানুল হক মিলন ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়নে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং সেখানে আওয়ামী লীগের প্রার্থী প্রাক্তন মন্ত্রী মহিউদ্দীন খান আলমগীরকে পরাজিত করেন। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মিলন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন