ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
গাজা সংঘাত নিয়ে বার্লিন চলচ্চিত্র উৎসবের (বার্লিনেল) রহস্যময় নীরবতা এবং ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার শিল্পীদের কণ্ঠরোধের অভিযোগে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। বার্লিন চলচ্চিত্র উৎসব চলাকালীন টিলডা সুইন্টন, জাভিয়ের বারডেম ও পরিচালক মাইক লেই-এর মতো ৮০-এরও বেশি প্রভাবশালী অভিনয়শিল্পী ও নির্মাতা একটি খোলা চিঠিতে উৎসব কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছেন।
উত্তেজনা চরমে ওঠে যখন জুরি প্রধান উইম ওয়েন্ডার্স মন্তব্য করেন, চলচ্চিত্র নির্মাণের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক থাকা উচিত নয় এবং শিল্পীদের রাজনীতি থেকে দূরে থাকা উচিত।
এর বিপরীতে আন্দোলনকারী শিল্পীরা দাবি করেছেন, শিল্প এবং রাজনীতিকে আলাদা করা অসম্ভব। তারা প্রশ্ন তুলেছেন—বার্লিন অতীতে ইরান বা ইউক্রেনের সংঘাত নিয়ে সরব হতে পারে, তবে গাজার ক্ষেত্রে কেন নিশ্চুপ? চিঠিতে স্বাক্ষরকারীরা বার্লিনকে তাদের নৈতিক দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধ ও গণহত্যার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েেছেন।
চিঠিটি প্রকাশিত হওয়ার পর ৫,০০০-এর বেশি চলচ্চিত্র কর্মী এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন, যেখানে ইসরায়েলি চলচ্চিত্র কোম্পানি ও প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানানো হয়েছে। শিল্পীরা অভিযোগ করেছেন, গাজা ইস্যুতে নীরব থাকা উৎসব কর্তৃপক্ষকে সহিংসতায় পরোক্ষভাবে জড়িত থাকার দায় এড়াতে পারে না।
তীব্র সমালোচনার মুখে উৎসবের প্রধান ট্রিসিয়া টাটল একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, শিল্পীদের কাছ থেকে সব ধরনের রাজনৈতিক বিতর্কে মন্তব্য আশা করা উচিত নয়, বিশেষ করে যে বিষয়গুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে বিশ্বখ্যাত তারকাদের এই সরাসরি চ্যালেঞ্জ ২০২৬ সালের বার্লিন চলচ্চিত্র উৎসবকে এক বিশাল রাজনৈতিক সংকটের কেন্দ্রে ঠেলে দিয়েছে।
সূত্র: ভ্যারাইটি, এসবিএস
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ