৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের মিত্র জোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। এই জয়ের মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক টানাপোড়েন শেষে দেশ এক নতুন গণতান্ত্রিক অধ্যায়ে পদার্পণ করল।

বিএনপি সূত্র নিশ্চিত করেছে, দলটির চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। এর ফলে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সাড়ে তিন দশকের এক আধিপত্যের অবসান ঘটতে যাচ্ছে। সর্বশেষ ১৯৮৮-৯০ মেয়াদে কাজী জাফর আহমেদ ছিলেন দেশের পুরুষ প্রধানমন্ত্রী। এরপর ১৯৯০ থেকে ২০২৪ সাল পর্যন্ত পর্যায়ক্রমে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা সরকারপ্রধান হিসেবে দেশ পরিচালনা করেছেন। দীর্ঘ ৩৫ বছর পর তারেক রহমানের হাত ধরে দেশ আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে।

বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট দেশের ২৯৯টি আসনের মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়ী হয়েছে। এর মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটও উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়লাভ করেছে। বিশেষ করে যশোরের ৬টি আসনের মধ্যে ৫টিতেই জামায়াত এবং ১টিতে বিএনপি জয়ী হয়ে চমক সৃষ্টি করেছে।

বিশাল এই জয় সত্ত্বেও দলীয় নেতাকর্মীদের বিজয় মিছিল বা কোনো ধরনের উন্মাদনা না করার কঠোর নির্দেশনা দিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ প্রতীক্ষিত ভোটাধিকার পুনরুদ্ধারের এই বিজয়কে তারা বিনম্রভাবে উদযাপন করতে চান। আজ শুক্রবার বাদ জুমা সারা দেশে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে। এ ছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, "এই নির্বাচন নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রার সূচনা করেছে। জনগণই সব ক্ষমতার উৎস—তা আজ আবারও প্রমাণিত হলো।" সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, নয়াদিল্লি বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে সম্মান জানায় এবং নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।


এম.এম/সকালবেলা

মন্তব্য করুন