ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে ‘ষড়যন্ত্র’ বন্ধ না হলে ১১-দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট কঠোর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেন।
এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, ভোটগ্রহণ শেষ হওয়ার দীর্ঘ সময় পার হলেও ফলাফল ঘোষণা কার্যক্রম অস্বাভাবিকভাবে বিলম্বিত করা হচ্ছে। তিনি বলেন, "জনতার রায়ের প্রতিফলন না ঘটিয়ে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তারা ফলাফল পরিবর্তনের চেষ্টা করছেন। ফ্যাসিবাদ কায়েমের জন্য এগুলো এক ধরণের পুরোনো কলাকৌশল।"
জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন, "যদি জনতার রায় নিয়ে কোনো প্রকার তালবাহানা হয়, তবে দেশজুড়ে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে। যারা এই ষড়যন্ত্রের পেছনে আছেন, তাদের বিরুদ্ধে অচিরেই কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।" তিনি জানান, নির্বাচন কমিশনের বক্তব্য শোনার পর জামায়াতে ইসলামী ও তাদের জোটের পক্ষ থেকে পরবর্তী আন্দোলনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
উল্লেখ্য, বেসরকারি প্রাথমিক ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট বড় ব্যবধানে এগিয়ে থাকলেও ১১-দলীয় জোটের প্রার্থীরা অনেক আসনে কারচুপি ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন। জামায়াত নেতার এই হুঁশিয়ারির পর নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ