নাশকতা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে : ইশরাক হোসেন
অনলাইন ডেস্ক: নাশকতামূলক কর্মকাণ্ড আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, দেশবিরোধী কোনো ষড়যন্ত্র বা বিচ্ছিন্ন নাশকতা চালিয়ে বিপুল মানুষের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত বর্তমান সরকারের কোনো ক্ষতি করা সম্ভব নয়।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইশরাক হোসেন বলেন, “বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ একটি দেশ। প্রায় ১৮ কোটি মানুষের বিপরীতে আমাদের পুলিশের সংখ্যা নিতান্তই কম। ফলে শুধু পুলিশ সদস্যদের একার পক্ষে সার্বিক পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের দলের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে নাশকতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলবে।”
তিনি আরও উল্লেখ করেন, কিছুদিন আগে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে দেশে কৃত্রিম অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালানো হয়েছিল, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচক্ষণতার সঙ্গে নিয়ন্ত্রণ করেছে।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সাম্প্রতিক হরতাল প্রসঙ্গে সংসদ সদস্য ইশরাক বলেন, আজ যে তথাকথিত হরতাল ডাকা হয়েছে, তার বাস্তব জীবনে কোনো ভিত্তি বা প্রভাব নেই। দেশের জনগণ ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা একটি নিষিদ্ধ দল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার জন্য তাদের বিচার নিশ্চিত করা হবে এবং আদালতই নির্ধারণ করবে তারা ভবিষ্যতে রাজনীতি করতে পারবে কি না। বিদেশে বসে দেশের বিরুদ্ধে কুচক্রী নেতারা নানা নির্দেশনা দিলেও জনগণ তা আর হতে দেবে না বলে মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা ও বিচার প্রক্রিয়া প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, পলাতক শেখ হাসিনাকে বন্দিবিনিময়ের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সব ধরনের কূটনৈতিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির কার্যক্রমও শুরু হয়েছে। গণহত্যার প্রধান আসামি হিসেবে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার করা হবে।
সরকারের কাজের অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রব্যবস্থা মেরামত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জনগণের সহযোগিতায় এতে পূর্ণ সফল হবে ইনশাআল্লাহ।