বয়স বাড়ার সঙ্গে বদলেছে কারিনার দৃষ্টিভঙ্গি
অনলাইন ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেহারায় তার ছাপ পড়বে—এটাই স্বাভাবিক নিয়ম। তবে তারকাদের ক্ষেত্রে বয়সের ছাপ যেন দৃশ্যমান না হয়, সমাজের পক্ষ থেকে এমন একটি প্রত্যাশা বরাবরই কাজ করে। বিশেষ করে বলিউডে তারুণ্য ধরে রাখতে বোটক্স, ফিলারসহ নানা প্রসাধনী চিকিৎসার ব্যবহার নিয়ে প্রায়ই আলোচনা-সমালোচনা চলে। পর্দায় তরুণ দেখানোর পাশাপাশি বাস্তব জীবনেও তারুণ্য বজায় রাখার এক ধরনের অদৃশ্য চাপ অনুভব করেন অনেক অভিনেত্রী।
সামাজিক মাধ্যমের যুগে তারকার চেহারার সামান্য পরিবর্তন নিয়েও চলে চুলচেরা বিশ্লেষণ। তবে এই প্রচলিত ট্রেন্ডের সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। বয়স লুকানোর ইঁদুরদৌড়ে না নেমে শরীর ও মনের সুস্থতাকেই নিজের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন তিনি। সম্প্রতি সাংবাদিক বরখা দত্তের সঞ্চালনায় ‘মোজো স্টোরি’র এক আলাপচারিতায় বোটক্স ও কসমেটিক প্রসিডিউর নিয়ে নিজের কঠোর অবস্থান স্পষ্ট করেছেন এই তারকা।
সাক্ষাৎকারে বোটক্স ও প্রসাধনী অস্ত্রোপচার নিয়ে মতামত জানতে চাওয়া হলে কারিনা সোজাসাপ্টা বলেন, “আমি বোটক্সের ঘোর বিরোধী। আমি নিজের যত্ন নেওয়ার পক্ষে, তবে সেটি হতে হবে স্বাস্থ্যকর উপায়ে। সুস্থ থাকা এবং প্রাকৃতিক পদ্ধতিতে নিজের যত্ন নেওয়াই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
কারিনার কাছে রূপচর্চা বা সৌন্দর্য ধরে রাখার অর্থ কেবল ত্বকের উপরিভাগের পরিচর্যা নয়; এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মানসিক প্রশান্তি, নিজের প্রতিভাকে বিকশিত করা এবং কর্মজীবনের বাইরে একটি সুন্দর ও পরিপূর্ণ জীবন উপভোগ করা। তাঁর মতে, ইনজেকশন বা অস্ত্রোপচারের মাধ্যমে ত্বকে কৃত্রিম টানটান ভাব আনার চেয়ে শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য অনেক বেশি মূল্যবান।
সৌন্দর্য নিয়ে কারিনার এমন ভাবনার পেছনে কাজ করছে বয়সকে সহজভাবে মেনে নেওয়ার মানসিকতা। তাঁর মতে, বয়স বাড়ার সঙ্গে মানুষের অভিজ্ঞতা, চিন্তাধারা এবং জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হয়। এই স্বাভাবিক পরিবর্তনকে অস্বীকার করার কোনো অবকাশ নেই। বরং জীবনের প্রতিটি নতুন পর্যায়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার অফুরন্ত সুযোগ থাকে। বিশেষ করে অভিনয়শিল্পীদের ক্ষেত্রে বয়স অনেক সময় অভিনয়ে ভিন্নধর্মী চরিত্র ও গভীরতার দরজা খুলে দেয়। তাই কেবল চেহারার তারুণ্য ধরে রাখার চিন্তায় বুঁদ না থেকে নিজের কাজ ও ব্যক্তিত্বের বিকাশে মনোযোগী হওয়া উচিত বলে মনে করেন তিনি।
কথোপকথনের একপর্যায়ে তরুণী প্রজন্মের মধ্যে বয়স নিয়ে বাড়তি উদ্বেগের বিষয়টিও তুলে ধরেন কারিনা। তিনি আক্ষেপ করে বলেন, অনেক তরুণীই যেন সবসময় ১৮ বা ২০ বছরের বেশি বয়সী দেখাতে চান না, যা অত্যন্ত উদ্বেগের বিষয়।
নিজের বর্তমান বয়স ও মানসিক অবস্থা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ৪৬ বছর বয়সী এই তারকা জানান, তাঁর জীবনের সবচেয়ে উপভোগ্য সময় কাটছে এই চল্লিশের ঘরে এসে। জীবনের এই পর্যায়ে এসে তিনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও পরিপক্ব অনুভব করছেন। অভিনয়ের ক্ষেত্রেও নিজের ভেতর এক ধরনের পরিপক্বতা দেখতে পান তিনি।
প্রায় আড়াই দশকের দীর্ঘ অভিনয়জীবনে ‘কাভি খুশি কাভি গাম’, ‘জব উই মেট’, ‘থ্রি ইডিয়টস’, ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো ভিন্নধর্মী ও প্রশংসিত চরিত্রে অভিনয় করেছেন কারিনা। সময়ের সঙ্গে সঙ্গে নিজের চরিত্র নির্বাচনেও দারুণ বৈচিত্র্য এনেছেন তিনি। সম্প্রতি মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ সিনেমায় পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এই তারকা। বাহ্যিক রূপের মোহ থেকে বেরিয়ে মনের জোর ও ব্যক্তিত্বকে বিকশিত করার এই বার্তা বর্তমান প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলেই মনে করছেন ভক্তরা।
সকালবেলা/ নুসরাত