মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে টানা দুই দিন বাড়ল তেলের দাম
অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে চরম রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতায় সার্বিক বৈশ্বিক জ্বালানি খাতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, গ্রিনিচ মান সময় রাত সাড়ে ১২টা পর্যন্ত আন্তর্জাতিক তেলের মানদণ্ড 'ব্রেন্ট ক্রুড'-এর দাম ৬৩ সেন্ট বা ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০৫.৯১ ডলারে উঠে এসেছে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজার মানদণ্ড 'ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট' (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও লক্ষণীয় মাত্রায় বেড়েছে। মার্কিন এই অপরিশোধিত তেলের দর ৭২ সেন্ট বা ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯৩.৩২ ডলারে।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামারিক তৎপরতা ও সংঘাতের প্রভাবে ওই অঞ্চল থেকে তেল সরবরাহ প্রক্রিয়া মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে—এমন আশঙ্কা বাজারে তীব্র প্রভাব ফেলছে। যদিও অঞ্চলটি থেকে তেল রপ্তানি স্বাভাবিক করার কিছু ধীরগতির প্রচেষ্টা পরিলক্ষিত হচ্ছে, তথাপি অনিশ্চয়তা ও সরবরাহ শঙ্কার পাল্লাই আপাতত ভারী হয়ে রয়েছে।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের এই চলমান সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে তেল সরবরাহের শৃঙ্খলা ভেঙে পড়তে পারে, যার সরাসরি প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতি ও সার্বিক মূল্যস্ফীতির ওপর।