ব্রিটনি স্পিয়ার্সের বায়োপিকে পপ কুইনের চরিত্রে কে অভিনয় করছেন
অনলাইন ডেস্ক: পপ কুইন ব্রিটনি স্পিয়ার্সের জীবনের আলো-অন্ধকারের গল্প নিয়ে সিনেমা তৈরি হচ্ছে—এই খবরটি ভক্তদের জানা। কিন্তু এই মুহূর্তে বিনোদন জগতে সবচেয়ে বড় প্রশ্ন, রূপালি পর্দায় পপসম্রাজ্ঞী ব্রিটনির জুতোয় পা গলাচ্ছেন কে?
বিশ্বখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স যখন ব্রিটনির বহুল আলোচিত আত্মজীবনী ‘দ্য ওম্যান ইন মি’-এর স্বত্ব কিনে নেয়, তখন থেকেই হলিউডজুড়ে এই ছবির কাস্টিং নিয়ে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।
অভিনয়ের দৌড়ে এগিয়ে যারা:
এ মুহূর্তে ব্রিটনি হওয়ার দৌড়ে শীর্ষ তালিকায় নাম রয়েছে মার্কিন অভিনেত্রী সিডনি সুইনির। তাঁর অভিনয়ের বৈচিত্র্য ও জনপ্রিয়তার কারণে নির্মাতারা তাঁকে প্রাথমিক পছন্দে রাখলেও ভক্তদের একাংশ এটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাঁদের প্রশ্ন, স্টেজে ব্রিটনির মতো তুমুল নাচ ও পারফরম্যান্স তুলে ধরার মতো দক্ষতা সিডনির আছে কি না।
অন্যদিকে, ‘স্ট্রেনঞ্জার থিংস’ খ্যাত তারকা অভিনেত্রী মিলি ববি ব্রাউন দীর্ঘদিন ধরেই জনসমক্ষে এই চরিত্রে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন। শুরুতে স্পিয়ার্স এক সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় প্রতিক্রিয়া জানালে ব্রাউন কিছুটা পিছু হটলেও, চূড়ান্ত তালিকায় এখনও তাঁর শক্ত অবস্থান রয়েছে।
টিকটক থেকে সংগীতে এসে খ্যাতি পাওয়া জনপ্রিয় তারকা অ্যাডিসন রে-ও এই তালিকায় বেশ শক্ত অবস্থানে রয়েছেন। ব্রিটনির জন্মস্থান লুইজিয়ানার বাসিন্দা হওয়া এবং নাচ ও গানে পূর্ব অভিজ্ঞতা থাকায় অনেকের পছন্দের তালিকায় তিনি রয়েছেন। এছাড়া তালিকায় আরও আছেন অভিনেত্রী বেইলি ম্যাডিসন এবং টিকটকে ব্রিটনির নাচ অনুকরণ করে পরিচিতি পাওয়া ইথাকা কলেজের শিক্ষার্থী কাইলি শুল্টজ।
ক্যামেরার পেছনে যারা:
সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন খ্যাতিমান পরিচালক জন এম. চু এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন মার্ক প্ল্যাট। ছবিটির চিত্রনাট্য রচনা করছেন লিজ মেরিওয়েদার।
নির্মাতারা জানিয়েছেন, সংবাদমাধ্যম ও গ্ল্যামার দুনিয়ার তীব্র চাপের মুখে স্পিয়ার্সের ব্যক্তিজীবনের দীর্ঘ সংগ্রাম ও লড়াইয়ের গল্প তুলে ধরাই এই ছবির মূল উদ্দেশ্য। জানা গেছে, বায়োপিকটি তৈরিতে ব্রিটনি স্পিয়ার্সের নিজস্ব প্রত্যক্ষ ভূমিকা ও মতামত থাকবে। ফলে নির্মাতারা যাকেই বেছে নিন না কেন, শেষ পর্যন্ত পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের নিজস্ব অনুমোদন পাওয়াটাই কাস্টিংয়ের চূড়ান্ত শর্ত।