সালমান খান ও নয়নতারার নতুন সিনেমার নাম কি ‘মনস্টার’?
বিনোদন ডেস্ক: বলিউড মেগাস্টার সালমান খান ও দক্ষিণ ভারতীয় লেডি সুপারস্টার নয়নতারার নতুন ছবি নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। নির্মাণসূচনা থেকেই 'এসভিসি৬৩' নামে পরিচিত এই ছবিটির নাম নাকি শেষ পর্যন্ত রাখা হয়েছে ‘মনস্টার’—এমনটিই দাবি করেছে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। তবে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়নি।
তেলুগু সিনেমা ইন্ডাস্ট্রির প্রখ্যাত প্রযোজক দিল রাজুর প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে এটি সালমান খানের প্রথম কাজ। পাশাপাশি জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ভামশি পেইডিপল্লির সঙ্গেও প্রথমবার কোনো বড় প্রজেক্টে জুটি বাঁধছেন এই বলিউড ভাইজান।
ভারতীয় বিনোদনবিষয়ক মাধ্যম ‘ফিল্মফেয়ার’-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই অ্যাকশন থ্রিলার ছবিটির শুটিংয়ে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছেন সালমান। সাম্প্রতিক সময়ে তাঁর স্টান্টম্যান অসুস্থ হয়ে পড়ার কারণে নিজের অধিকাংশ ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্য নিজেই করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যাতে শুটিংয়ের গতি কোনোভাবেই বিঘ্নিত না হয়।
ছবিটিতে সালমান খান ও নয়নতারা ছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করছেন সাগরিকা ঘাটগে ও মুজাম্মিল ইব্রাহিম।
বিশাল ক্যানভাসে নির্মিত এই হাই-ভোল্টেজ অ্যাকশন সিনেমাটির ফাইট সিকোয়েন্স ডিজাইনের দায়িত্বে রয়েছে কোরিয়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি অ্যাকশন টিম। 'কিল' ও 'ওয়ার'-এর মতো জনপ্রিয় অ্যাকশন থ্রিলারে কাজ করা সি ইয়ং ওহ (মিস্টার ওহ)-এর তত্ত্বাবধানে তৈরি হচ্ছে ছবির রোমাঞ্চকর দৃশ্যগুলো। সম্প্রতি শুটিং সেটে পরিচালক ভামশির জন্মদিন উদযাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ছবিটি ঘিরে সিনেপ্রেমীদের কৌতুহল আরও বহুগুণ বেড়ে গেছে।
|