ওবায়দুল কাদেরসহ ৭ জনের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ণ
ওবায়দুল কাদেরসহ ৭ জনের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস ও মামলার প্রধান অভিযুক্ত নেতাদের সংগৃহীত ছবি।

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ রাষ্ট্রপক্ষের অভিযুক্ত সাত আসামির পক্ষে-বিপক্ষে আইনি যুক্তিতর্ক শুনানি সম্পন্ন হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) মামলার সকল পক্ষে শুনানি গ্রহণ শেষে মামলাটি যেকোনো দিন রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (CAV) রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক প্যানেল।

মামলায় রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী হিসেবে যুক্তিতর্ক পরিচালনা করেন আইনজীবী এম হাসান ইমাম ও ইশরাত জাহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষের (প্রসিকিউশন) পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম।

এর আগে গত বুধবার (১২ আগস্ট) মামলাটিতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সমাপ্ত হয়। শুনাকালে ট্রাইব্যুনালের কাছে অভিযুক্ত সাত আসামির বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়। একই সাথে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার সুনির্দিষ্ট আদেশ প্রার্থনা করে প্রসিকিউশন।

মামলায় ওবায়দুল কাদের ব্যতীত অপর ছয় আসামি হলেন—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর ভয়াবহ সশস্ত্র আক্রমণ ও মানবতাবিরোধী অপরাধে সরাসরি ইন্ধন ও নির্দেশনার অভিযোগে ট্রাইব্যুনালে এ বিচারিক প্রক্রিয়া পরিচালিত হয়। বর্তমানে পলাতক এসব আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা আইনি লড়াই পরিচালনা করেন।

মন্তব্য করুন