চারঘাটে মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ণ
চারঘাটে মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে প্রকাশ্যে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মাসুদ রানা (৩১) নামের এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।

উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মাসুদ রানা বর্তমানে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন—মাড়িয়া গ্রামের কামরুল হাসান (৩৭), রিক্ত (৩৬), সাগর (৩৫), সামিরা বেগম (৩২) এবং পুঠিয়া উপজেলার খুঁটিপাড়া গ্রামের রমজান ইসলাম (২৭)। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে মাড়িয়া গ্রামে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মাসুদ রানা একাধিকবার তাঁদের বাধা দিলেও তাঁরা তা শোনেননি। গত রোববার রাতে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মাড়িয়া এলাকার কাঁচা রাস্তায় মাসুদ রানাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় আসামিরা। মাসুদ রানার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা হুমকি দিয়ে পালিয়ে যায়।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনার পর পরই প্রধান আসামি কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন