দেবাশীষের সিনেমায় সজল-মিষ্টি জুটি

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ণ
দেবাশীষের সিনেমায় সজল-মিষ্টি জুটি

জনপ্রিয় নির্মাতা দেবাশীষ বিশ্বাসের নতুন সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল ও চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সিনেমার নাম রাখা হয়েছে দুজনে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই দুই তারকা।

পরিচালক দেবাশীষ বিশ্বাস জানান, ‘দুজনে’ মূলত একটি রোমান্টিক ঘরানার সিনেমা। দুই ব্যক্তির ভিন্ন ভিন্ন কারণে এক হওয়া এবং সেখান থেকে শুরু হওয়া একটি সুন্দর প্রেমের জার্নি ফুটিয়ে তোলা হবে এই গল্পে। আগামী ১২  মে থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত মিষ্টি জান্নাত বলেন, "দেবাশীষ দাদা গুণী একজন নির্মাতা। আমি পেশায় একজন চিকিৎসক হওয়ার পাশাপাশি অভিনয়ের জন্য সময় বের করা বেশ কঠিন, তবুও ভালো গল্পের কারণে এই সিনেমায় যুক্ত হওয়া।" অন্যদিকে, সজলের সাথে এটিই তার প্রথম কাজ হতে যাচ্ছে।

আবদুল্লাহ জহির বাবুর কাহিনি ও সংলাপে নির্মিতব্য এই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন দেবাশীষ বিশ্বাস নিজেই। সিনেমাটি প্রযোজনা করছে হ্যাভেন মাল্টিমিডিয়া ও গীতি চিত্রকথা। নির্মাতারা জানিয়েছেন, দ্রুত শুটিং শেষ করে চলতি বছরের মধ্যেই সিনেমাটি দর্শকদের সামনে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন