বলিউডে শুভর সাফল্যে উচ্ছ্বসিত তিশা

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
বলিউডে শুভর সাফল্যে উচ্ছ্বসিত তিশা

বলিউড অভিষেক হতে না হতেই নিজের অভিনয় শৈলী দিয়ে ওপার বাংলায় রীতিমতো জয়ধ্বনি তুলছেন ঢালিউড তারকা আরিফিন শুভ। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ-এ মুক্তি পাওয়া ‘জ্যাজ সিটি’ ওয়েব সিরিজে তার অভিনয় ভারতীয় গণমাধ্যম ও দর্শকদের নজর কেড়েছে। শুভর এই আন্তর্জাতিক সাফল্যে এবার তাকে প্রশংসায় ভাসালেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

‘জ্যাজ সিটি’ দেখার পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শুভর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন তিশা। সিরিজের কয়েকটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘দয়া করে সবাই সনি লিভে জ্যাজ সিটি দেখুন। অসাধারণ অভিনয়! আরিফিন শুভ, তোমাকে নিয়ে আমি খুবই গর্বিত।’ উল্লেখ্য, এর আগে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছিলেন। সে সময়ও শুভর কাজের একাগ্রতা নিয়ে তিশাকে বেশ ইতিবাচক মন্তব্য করতে দেখা গিয়েছিল।

গত ১৯ মার্চ মুক্তি পাওয়া সৌমিক সেন পরিচালিত এই সিরিজে আরিফিন শুভ কেন্দ্রীয় চরিত্র ‘জিমি রায়’-এর ভূমিকায় অভিনয় করেছেন। ১০ পর্বের এই সিরিজে তাকে বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি—এই চারটি ভিন্ন ভাষায় সংলাপ বলতে দেখা গেছে, যা সমালোচকদের বিশেষভাবে মুগ্ধ করেছে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম শুভকে এই সিরিজের ‘সবচেয়ে শক্তিশালী উপস্থিতি’ হিসেবে আখ্যায়িত করেছে। বলিউডের বড় ক্যানভাসে বাংলাদেশি অভিনেতার এমন দাপুটে পদচারণায় এখন শুভকামনায় ভাসছেন তিনি।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন