যুদ্ধের পর দেশে এলো ক্রুড অয়েলের প্রথম জাহাজ

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ণ
যুদ্ধের পর দেশে এলো ক্রুড অয়েলের প্রথম জাহাজ

যুদ্ধ শুরুর পর দীর্ঘ আড়াই মাসের অপেক্ষা শেষে অবশেষে অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) প্রথম জাহাজ বাংলাদেশে পৌঁছেছে। বুধবার (৬ মে ২০২৬) দুপুরে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া পয়েন্টে নোঙর ফেলেছে। এর মাধ্যমে বন্ধ হওয়ার উপক্রম হওয়া দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি (ইআরএল) নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে।

কাঁচামালের অভাবে গত দেড় মাস ধরে ইআরএল-এর উৎপাদন দুই-তৃতীয়াংশে নামিয়ে আনা হয়েছিল। ১৩ ধরনের জ্বালানির বদলে কেবল ২ ধরনের জ্বালানি উৎপাদিত হচ্ছিল। এমনকি পাইপলাইনে জমে থাকা ‘ডেডস্টক’ বা তলানির তেল ব্যবহার করে কোনোমতে রিফাইনারিটি সচল রাখা হয়েছিল। নতুন এই জাহাজ আসায় আগামী ৭ মে থেকে ইআরএল আবারও পুরোদমে উৎপাদনে ফিরবে বলে আশা করা হচ্ছে।

  • এমটি নিনেমিয়া: সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে এসেছে। ছোট লাইটার ট্যাঙ্কারের মাধ্যমে এই তেল খালাস করে পাইপলাইনের মাধ্যমে ইআরএল-এ নেওয়া হবে।

  • এমটি ফসিল: সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আরও এক লাখ টন তেল নিয়ে চলতি মাসের শেষ দিকে এই জাহাজটির দেশে পৌঁছানোর কথা রয়েছে। এটি হরমুজ প্রণালি এড়িয়ে সরাসরি ভারত মহাসাগর দিয়ে আসবে।

  • সংকটের কারণ: হরমুজ প্রণালিতে যুদ্ধের অস্থিরতার কারণে ‘নর্ডিক পোলাক্স’ ও ‘ওমেরা গ্যালাক্সি’ নামের জাহাজ দুটি সময়মতো আসতে না পারায় এই তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছিল।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম মাহমুদুল মালেক জানান, নতুন জাহাজ আসায় জ্বালানি সংকটের মেঘ কাটতে শুরু করেছে। এমটি নিনেমিয়া আসার পর ১০ মে ‘এমটি ফসিল’ জাহাজে তেল লোড করা শুরু হবে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন