৮ হাজার বিঘা বোরো ধান পানির নিচে

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ণ
৮ হাজার বিঘা বোরো ধান পানির নিচে

নাটোরে সিংড়ার চলনবিল অঞ্চলে অকাল বিপর্যয় নেমে এসেছে। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সাপগাড়ি ও বেরাবাড়ি এলাকার প্রায় ৮ হাজার বিঘা জমির পাকা বোরো ধান তলিয়ে গেছে। এতে চরম লোকসানের মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

সরেজমিনে দেখা যায়, পানির নিচে থাকা ধান রক্ষায় কৃষকেরা পলিথিন দিয়ে অস্থায়ী ভেলা তৈরি করে ঝুঁকি নিয়ে ধান কাটছেন। ফসল পচে যাওয়ার ভয়ে দিন-রাত এক করে তারা এই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। ৭০ বছর বয়সী কৃষক আব্দুল রহমান আক্ষেপ করে বলেন, "ধান পানির নিচে ডুইবা গেছে। সময়মতো কাটতে না পারলে সব পচে যাবে। একদিকে শ্রমিক পাইতেছি না, অন্যদিকে মজুরি দিতে হচ্ছে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত। লাভ তো দূরের কথা, খরচই উঠছে না।"

  • শ্রমিক সংকট: ধান ডুবে যাওয়ায় এলাকায় তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। চড়া মজুরি দিয়েও পর্যাপ্ত শ্রমিক মিলছে না।

  • গুনাগত মান নষ্ট: দীর্ঘসময় পানির নিচে থাকায় ধানের স্বাভাবিক রং নষ্ট হয়ে যাচ্ছে এবং পচন ধরছে।

  • ন্যায্য মূল্যের অভাব: রং নষ্ট হওয়ায় বাজারে নিয়ে গেলে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষকেরা।

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ হাসান জানান, অতিরিক্ত পানির কারণে চলনবিলের নিচু এলাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে এবং ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন