নূর আলম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বন্য হাতির আক্রমণে প্রান্ত রাংসা (২২) নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর সীমান্ত এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত প্রান্ত ওই এলাকার নিপশন নকরেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোরো ধান রক্ষায় কৃষকেরা রাত জেগে ফসলের মাঠ পাহারা দিচ্ছেন। ঘটনার রাতে ধানক্ষেত পাহারা শেষে বাড়ি ফেরার পথে প্রান্ত রাংসা একটি বন্য হাতির মুখোমুখি হন। এ সময় হাতিটি তাকে তাড়া করে শুঁড় দিয়ে আছাড় মারে এবং পায়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বাবা জানান, অন্যরা আগে ফিরলেও প্রান্ত একা থাকায় হাতির আক্রমণের শিকার হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। উপজেলা বন কর্মকর্তা মজনু প্রামানিক জানান, ধানের মৌসুমে সীমান্ত এলাকায় হাতির বিচরণ বেড়ে যায়। নিহতের পরিবারকে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। বন্য হাতির এমন উপদ্রবে সীমান্ত এলাকার কৃষকদের মধ্যে বর্তমানে আতঙ্ক বিরাজ করছে।
এ.আই.এল/সকালবেলা