পুলিশের সামনে টেন্ডার বাক্স ছিনতাই

আমিরুল ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ণ
পুলিশের সামনে টেন্ডার বাক্স ছিনতাই

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ব্যবহার অযোগ্য মালামাল বিক্রির নিলামকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড ঘটে গেছে। পুলিশের উপস্থিতিতেই টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং অভিযোগ উঠেছে যে, দায়িত্বরত পুলিশ সদস্যরা এ সময় নীরব ভূমিকা পালন করেছেন।

আরডিএ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের মালামাল বিক্রির উদ্দেশ্যে গত ২০ এপ্রিল চারটি গ্রুপে টেন্ডার আহ্বান করা হয়। আজ মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত ছিল শিডিউল দাখিলের শেষ সময়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে একদল নেতাকর্মী আরডিএ ভবনে প্রবেশ করে পুলিশ সদস্যদের সামনেই অতর্কিতে টেন্ডার বাক্সটি ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ অভিযান চালিয়ে টেন্ডার বাক্সটি উদ্ধার করে আরডিএ কার্যালয়ে ফিরিয়ে আনে। দুপুর আড়াইটার দিকে বাক্সটি খোলার পর আরডিএ-র সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান জানান, বেশ কিছু দরপত্রে কাটাকাটি করা হয়েছে। সাধারণ দরদাতাদের অভিযোগ, বাক্স ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা নিজেদের পছন্দের প্রার্থীদের জেতাতে অন্যদের দরপত্রে কাটাকাটি করে পুনরায় বাক্সে ঢুকিয়ে দিয়েছে।

উল্লেখ্য, প্রায় ৪৫০টি শিডিউল বিক্রি হলেও ছিনতাই ও কারচুপির আতঙ্কে শেষ পর্যন্ত মাত্র কয়েকটি দরপত্র জমা পড়েছে। উদ্ধার হওয়া বাক্সের নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ দরদাতারা।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন