ক্রীড়া ডেস্ক: এক মাসব্যাপী রুদ্ধশ্বাস লড়াই শেষে পর্দা নামল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬-এর। ফাইনালে হায়দরাবাদ কিংসমানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরল বাবর আজমের নেতৃত্বাধীন পেশাওয়ার জালমি। এই জয়ে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা।
শিরোপা জয়ের পাশাপাশি বড় অঙ্কের প্রাইজমানি ঘরে তুলেছে পেশাওয়ার জালমি। চ্যাম্পিয়ন দল হিসেবে তারা পেয়েছে ৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৫ কোটি টাকার সমান। অন্যদিকে রানার্সআপ হায়দরাবাদ কিংসমান পেয়েছে ৩ লাখ ডলার।
ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাবাদ কিংসমান ১৮ ওভারে ১২৯ রানে অলআউট হয়। বাংলাদেশি গতিদানব নাহিদ রানা দুর্দান্ত বোলিং করে ২ উইকেট শিকার করেন। এ ছাড়া হার্ডি নেন ৪ উইকেট। ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বাবর আজম ও মোহাম্মদ হারিসকে হারিয়ে চাপে পড়লেও হার্ডি ও আবদুল সামাদের ৮৫ রানের জুটিতে জয় নিশ্চিত করে পেশাওয়ার।
টুর্নামেন্ট সেরা ও সেরা বোলার: সুফিয়ান মুকিম (২২ উইকেট)।
সেরা ব্যাটার: বাবর আজম (৫৮৮ রান)।
উদীয়মান খেলোয়াড়: হুনাইন শাহ।
সেরা উইকেটকিপার: কুশল মেন্ডিস।
স্পিরিট অব ক্রিকেট: হায়দরাবাদ কিংসমান।
২০১৭ সালের পর এটিই পেশাওয়ার জালমির প্রথম শিরোপা। অধিনায়ক হিসেবে বাবর আজমের জন্যও এটি প্রথম কোনো বড় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি শিরোপা। পুরো টুর্নামেন্টজুড়ে ১০ ম্যাচের ৮টিতেই জিতে আধিপত্য বজায় রেখে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল নাহিদ রানার দল।
জান্নাত/সকালবেলা