ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে ফিরছে বৃহস্পতিবার

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৪৮ অপরাহ্ণ
ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে ফিরছে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের প্রক্রিয়া শেষ হয়েছে। পুলিশ মরদেহটি স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। আগামী বৃহস্পতিবার (৭ মে ২০২৬) বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। মরদেহ দেশে পাঠানোর আগে আগামী বুধবার স্থানীয় সময় বাদ জোহর টাম্পার ইসলামিক সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার এই পিএইচডি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে ফ্লোরিডার প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে। জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুলসহ অনেকেই এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। নিহত দুই শিক্ষার্থী জামিল ও বৃষ্টির পরিবারের সহযোগিতায় সহপাঠীরা ‘গোফান্ডমি’র মাধ্যমে ইতোমধ্যে প্রায় পৌনে দুই লাখ ডলার সংগ্রহ করেছেন। আয়োজকদের লক্ষ্য প্রতিটি পরিবারকে অন্তত এক লাখ ডলার করে সহায়তা পৌঁছে দেওয়া। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও বৃষ্টির স্মরণে বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, জামিলের রুমমেট হিশাম ঘারবেহ পরিকল্পিতভাবে এই জোড়া হত্যাকাণ্ড ঘটিয়েছে। অভিযুক্ত হিশাম বর্তমানে কারাগারে রয়েছেন এবং আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। এছাড়া ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স কর্তৃপক্ষের কোনো নিরাপত্তা গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। গত এপ্রিলের শেষে এই নৃশংস হত্যাকাণ্ডের খবরটি বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন