নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিপাত এবং সীমান্ত পেরিয়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। শনিবার সকাল ৯টায় লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প ‘তিস্তা ব্যারেজ’ পয়েন্টে পানি প্রবাহ বিপদসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে রেকর্ড করা হয়েছে।
নদীপাড়ের বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের নিরবচ্ছিন্ন বৃষ্টি এবং ভারতের উজানের ঢলের কারণে শনিবার ভোর থেকেই তিস্তার পানি বৃদ্ধি পায়। লালমনিরহাটের পাঁচটি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত এই নদীতে পানি সামান্য বাড়লেই নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলগুলো দ্রুত প্লাবিত হয়। ফলে স্থানীয়দের মধ্যে নতুন করে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে।
তিস্তা ব্যারেজের ডালিয়া কন্ট্রোল রুমের ইনচার্জ নুরুল ইসলাম একটি গণমাধ্যমকে জানান, শনিবার ভোর থেকে নদীর পানি ক্রমেই বাড়ছে। তবে সকাল ৯টা পর্যন্ত পরিস্থিতি বিপদসীমার বেশ নিচেই ছিল।
এদিকে নদীর পানি বৃদ্ধিতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন চরাঞ্চল ও নদী তীরবর্তী মানুষ। ব্যারেজ এলাকার বাসিন্দা কফিল উদ্দিন ও জয়নাল একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “দুই দিন ধরে উজানের ঢল আসছে। পানি বাড়লেই আমাদের আতঙ্কের দিন শুরু হয়। কখন যে পাহাড়ি ঢলে সবকিছু ভেসে যায়, সেই চিন্তায় আছি।”
সার্বিক পরিস্থিতি নিয়ে তিস্তা ব্যারেজ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী একটি গণমাধ্যমকে বলেন, “টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে তিস্তায় পানি কিছুটা বেড়েছে। তবে পানি এখনও বিপদসীমার অনেকটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।” পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।