সংরক্ষিত নারী আসনের ৫০ এমপি শপথ নিচ্ছেন রোববার রাতে

রাকিবুল হাসান
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ণ
সংরক্ষিত নারী আসনের ৫০ এমপি শপথ নিচ্ছেন রোববার রাতে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী রোববার (৩ মে)। শনিবার (২ মে) সংসদ সচিবালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে।

সচিবালয় সূত্র নিশ্চিত করেছে, রোববার রাত ৯টায় এই শপথ অনুষ্ঠান আয়োজিত হবে। নিয়ম অনুযায়ী, স্পিকার নবনির্বাচিত এই সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসনের ভিত্তিতে সংরক্ষিত নারী আসনে মনোনীতদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এতে বিএনপি থেকে ৩৬ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১৩ জন এবং স্বতন্ত্র থেকে একজন মনোনয়ন পেয়েছেন।

বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন সিনিয়র নেত্রী সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু এবং নিপুন রায় চৌধুরী। এছাড়া তালিকায় রয়েছেন সুলতানা আহমেদ, নিলোফার চৌধুরী মনি, সানসিলা জেবরিন ও সানজিদা ইসলাম তুলিসহ ৩৬ জন।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম এবং অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি। বিশেষ এই তালিকায় বড় চমক হিসেবে স্থান পেয়েছেন জুলাই বিপ্লবের শহীদ জারিফ আব্দুল্লাহর মা রোকেয়া বেগম। এছাড়া অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা ও সিলেট থেকে মাহফুজা খানম রয়েছেন।

জামায়াতের ছেড়ে দেওয়া তিনটি আসনে শরিক দলগুলোর মধ্য থেকে মনোনয়ন পেয়েছেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু, জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ইঞ্জিনিয়ার মাহবুবা করিম। এদিকে স্বতন্ত্র কোটা বা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনীত হয়েছেন আন্দোলনের অন্যতম পরিচিত মুখ নুসরাত তাবাসসুম।

সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা একটি গণমাধ্যমকে জানান, শপথ গ্রহণের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত সময়েই মনোনীত সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন এবং এরপরই তারা সংসদীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন।

মন্তব্য করুন