তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: এমরান সালেহ প্রিন্স

রকিব মুহাম্মদ
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ণ
তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: এমরান সালেহ প্রিন্স

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি শ্রমিকবান্ধব সরকার এবং বর্তমান প্রশাসন জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, সকল দেশি-বিদেশি প্রতিকূলতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আবারও বিশ্বের দরবারে ঘুরে দাঁড়াবে।

শুক্রবার (১ মে) বিকেলে মহান মে দিবস উপলক্ষে ময়মনসিংহ নগরীর রেলওয়ে চত্বরে জেলা শ্রমিক দল আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকার গঠনের পরবর্তী পরিস্থিতি নিয়ে এমরান সালেহ প্রিন্স একটি গণমাধ্যমকে বলেন, "বিএনপি যখন জুলাই সনদ এবং রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে। এমনকি আমাদের এক সময়ের জোটসঙ্গীরাও এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু দেশের আপামর জনতা বিএনপির পাশে আছে, কোনো ষড়যন্ত্রই তারেক রহমানের নেতৃত্বকে রুখতে পারবে না।"

শ্রমিকদের অধিকার প্রসঙ্গে তিনি একটি গণমাধ্যমকে জানান, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিনের মাথায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের সাথে বৈঠক করে বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দিয়েছেন। এতে দেশের অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনি শ্রমিক সমাজও সরাসরি উপকৃত হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ স্থানীয় জুটমিল নিয়ে সুখবর দেন। তিনি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "ময়মনসিংহের বন্ধ জুটমিলটি চালু করার বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এটি প্রকৃত শ্রমিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। আমাদের এই দাবি পূরণ না হলে শ্রমিকদের স্বার্থে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।"

মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করেন এবং তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ। অন্যদিকে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলে অতিরিক্ত সময়ের জন্য ওভারটাইম মজুরি নিশ্চিত করার নীতি বাস্তবায়ন করছে সরকার।

জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য মোতাহার হোসেন তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিগত দিনের আন্দোলনে নির্যাতিত ও মামলা-হামলার শিকার নেতাকর্মীদের আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান করা হয়। এর আগে সকালে দিবসটি উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন