সাঈদ পান্থ, বরিশাল: বরিশাল নগরীতে বিভিন্ন ক্যাটাগরির স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণে শুরু হয়েছে ইনডোর "পণ্যলিংক শপিং ফেস্ট ২০২৬"।
শুক্রবার (১ মে) বরিশাল কনভেনশন সেন্টারে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। মেলাটি আগামী ৭ মে পর্যন্ত প্রতিদিন ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্যোক্তাদের জন্য নিজস্ব শোরুম বা স্থায়ী দোকান স্থাপনের সীমাবদ্ধতা দূর করতে ‘সমগত’ নামক একটি সামাজিক সংগঠন এই মেলার আয়োজন করেছে। আয়োজকরা জানান, সীমিত পুঁজিতে অনেক উদ্যোক্তা ব্যবসা পরিচালনা করলেও বিপণনের যথাযথ সুযোগ পান না। তাদের জন্য এক ছাদের নিচে নিয়মিত বিক্রয়কেন্দ্র তৈরির প্রাথমিক ধাপ হিসেবে এই শপিং ফেস্টের উদ্যোগ নেওয়া হয়েছে।
মেলায় বর্তমানে ৮ থেকে ১০ জন উদ্যোক্তা তাদের তৈরি বিভিন্ন ক্যাটাগরির পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। একই স্থানে বৈচিত্র্যময় সব পণ্য পাওয়ায় ক্রেতারাও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রেতা ও উদ্যোক্তাদের চাহিদার ভিত্তিতে মেলার সময়সীমা আরও বাড়ানো হতে পারে।
উদ্যোক্তাদের উৎসাহ দিতে এবং স্থানীয় দেশীয় পণ্যের প্রচার বাড়াতে আয়োজকরা সকল বরিশালবাসীকে মেলায় উপস্থিত থাকার আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
এ.আই.এল/সকালবেলা