লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২, আহত ১০

আমিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ণ
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে সাময়িক যুদ্ধবিরতি চললেও তা লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। 

শুক্রবার (১ মে) দক্ষিণ লেবাননের নাবাতিহ আল-ফাউকা শহরে চালানো এই হামলায় অন্তত দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এক দিনের বিরতির পর ইসরায়েলি বাহিনী আবারও দক্ষিণ লেবাননের জনপদ লক্ষ্য করে হামলা শুরু করেছে। এর আগে বৃহস্পতিবার লেবাননের বিভিন্ন শহরে চালানো ভয়াবহ বিমান হামলায় অন্তত ২৯ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছেন। ওইদিনের হামলায় আহত হয়েছেন আরও ৪২ জন।

গত ১৭ এপ্রিল শুরু হওয়া ১০ দিনের সাময়িক যুদ্ধবিরতি পরবর্তীতে ১৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে অভিযোগ উঠেছে, ইসরায়েল প্রতিদিন বিমান হামলা এবং দক্ষিণ লেবাননে ঘরবাড়ি ধ্বংসের মাধ্যমে এই চুক্তির ক্রমাগত লঙ্ঘন করে চলেছে।

গত ২ মার্চ থেকে লেবাননে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ২,৬০০ মানুষ নিহত হয়েছেন। এছাড়া এই সংঘাতের ফলে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। লেবানন সীমান্ত এলাকায় ধ্বংসস্তূপের মধ্য দিয়ে বর্তমানে জাতিসংঘের ত্রাণবাহী কন্টিনেন্ট চলাচল করছে।

সূত্র: টিআরটি উর্দু।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন